দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় পুড়তে হলো সানজিদাকে
দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী আমিনুল ইসলাম (৩২) দাহ্য পদার্থ ঢেলে তাঁর প্রথম স্ত্রী সানজিদা আফরিনের (২৫) শরীর দগ্ধ করেছেন। ৯ জানুয়ারি রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। ১৩ দিন চিকিৎসার পর টাকার অভাবে হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে এখন যন্ত্রণায় ছটফট করছেন সানজিদা।খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আবদুস সাত্তারের মেয়ে সানজিদা। এসএসসি পাসের পর একই জেলার শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বর্ণা নামে তাঁদের একটি মেয়ে আছে।সানজিদা জানান, স্বামী আমিনুল ইসলাম সম্প্রতি যশোরের চৌগাছা উপজেলার সিংঝুলী গ্রামে বিয়ে করেছেন। এর প্রতিবাদ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার চক্রান্ত করেন। গত বছরের ১০ নভেম্বর আমিনুল তাঁকে একদল সন্ত্রাসীর হাতে তুলে দেন। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করেন। এর পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। ৭ জানুয়ারি আমিনুল ভুল স্বীকার করে তাঁকে নিয়ে যান। এরপর তাঁরা ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ভাড়া থাকতেন। কিন্তু ৯ জানুয়ারি ঘটনার রাতে আমিনুল কয়েকজন সন্ত্রাসীসহ এসে তাঁর ওপর দাহ্য পদার্থ ছুড়ে মারেন। এতে তাঁর শরীর ঝলসে যায়। তিনি নিজেই তাৎক্ষণিকভাবে একটি রিকশায় করে ঝিনাইদহ সদর হাসপাতালে যান। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে খরচ জোগাতে না পারায় ২২ জানুয়ারি স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে এসেছেন। বর্তমানে তিনি বাড়িতে সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করছেন। তবে কী-জাতীয় পদার্থ দিয়ে তাঁকে ঝলসে দেওয়া হয়েছে, তা তিনি বলতে পারছেন না। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান।সানজিদার মা জয়বুন নেছা জানান, মেয়েটি দেখতে ভালো হওয়ায় সচ্ছল পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। জামাই মুরগির ব্যবসা করেন। এখন মেয়ে তাঁর বাড়িতে পড়ে আছেন, চিকিৎসার খরচ দিতে পারছেন না।বাবা পক্ষাঘাতগ্রস্ত আবদুস সাত্তার বলেন, ‘আমি অসহায়। আমার করার কিচ্ছু নাই।’