টোল বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু অবরোধ করে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যানচালকেরা।জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে ঢাকার নয়াবাজার পথে চলাচলকারী তিন শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যানচালক এবং শ্রমিকেরা গতকাল সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেতু অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা সেতুর দক্ষিণ প্রান্তে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং সাত-আটটি গাড়ি ভাঙচুর করে। এতে ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সোবহান জানান, ১৭ জুন পর্যন্ত দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার টোল ছিল ১০ টাকা এবং রিকশা ও ভ্যানের ছিল দুই টাকা। কিন্তু সওজ কর্তৃক এখন করা হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৫ টাকা এবং রিকশা ও ভ্যান থেকে পাঁচ টাকা টোল আদায় করছে। সড়ক ও জনপথ বিভাগের সওজে উপসহকারী প্রকৌশলী মনজুর আলম জানান, নিয়মনীতি অনুসরণ করেই টোল আদায় করা হচ্ছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সওজ কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।