দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে সেতু অবরোধ করে বিক্ষোভ করেছে ‘দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদ’। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।জানা গেছে, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি টোলমুক্ত করার দাবিতে কয়েক মাস ধরে এসব পরিবহনের চালক ও মালিকেরা আন্দোলন করে আসছেন। ইজারাদার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেও এর সুষ্ঠু সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল ‘দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদ’ সেতুর দক্ষিণ প্রান্তের আগানগর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা দফায় দফায় মিছিল ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এ সময় রাজধানীর সঙ্গে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিক্ষোভকারীরা সেতুর প্রবেশমুখে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য দেন। বিক্ষোভে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনসার উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান প্রমুখ।সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহারুর হাসান জানান, আগামী অর্থবছরে যাতে সেতু টোলমুক্ত করা হয়, তার দাবিতে গতকালের কর্মসূচি পালিত হয়েছে।দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ইজারাদার মো. জাহাঙ্গীর আলম বলেন, সেতু টোলমুক্ত করার দাবিতে কিছু লোক যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, তা অযৌক্তিক। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেতুর প্রবেশমুখে অস্থায়ী মঞ্চ করার ব্যাপারে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।