মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুর নির্মাণকাজ আগামী বছরের প্রথমার্ধের মধ্যে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৫০০ কোটি রুপি ব্যয়ে ১ দশমিক শূন্য ২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে তিনটি ভারতীয় প্রতিষ্ঠান। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
পত্রিকাটির খবর অনুযায়ী, ওই রেলসেতু নির্মাণের লক্ষ্যে আগামী আগস্ট মাসে ১০২ দশমিক ৪ মিটার দীর্ঘ একটি স্প্যান নিয়ে একটি বার্জ (বিশেষ জাহাজ) কলকাতা বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসবে। পর্যায়ক্রমে আরও আটটি স্প্যান আনা হবে।
ভারতের প্রতিষ্ঠান টেক্সমাকোরেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সি মিত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বাংলাদেশকে ভারতের ১০০ কোটি ডলার ঋণের (লাইন অব ক্রেডিট) আওতায় দুই লাইনের এ রেলসেতুর নির্মাণকাজ করছে ভারতীয় প্রতিষ্ঠান। সেতুটি ভারতের ত্রিপুরার কাছে বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ভৈরব বাজারের মধ্যে সংযোগ স্থাপন করবে। তা ছাড়া এটি নির্মিত হলে তা ঢাকা-চট্টগ্রাম রেলপথের যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওই কর্মকর্তা আরও বলেন, ভারতীয় ঋণের আওতায় সেতুটি নির্মিত হচ্ছে বলে এর দরপত্র প্রক্রিয়ায় কেবল ভারতের প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর নির্মাণ ঠিকাদারি পেয়েছে যৌথভাবে ইরকন ইন্টারন্যাশনাল ও আফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আর সেতুর অবকাঠামো নির্মাণের আদেশ পেয়েছে টেক্সমাকোরেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি তিতাস নদীর ওপর বর্তমানে একটি সেতু নির্মাণ করছে বলেও জানান তিনি।