দ্বিতীয় মাইলফলক ছুঁয়ে দেশের পথে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সবুজের পতাকা জড়িয়ে রুপার পদক নিতে মঞ্চে উঠছে ধনঞ্জয়। সঙ্গে যেন বাংলাদেশ। রোববার বিকেলে ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পদক বিতরণী অনুষ্ঠানে এটি ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। কারণ, এবারই প্রথম রুপা পেয়ে দ্বিতীয় মাইলফলক পার করল বাংলাদেশ। ধনঞ্জয়ের আগে পতাকা জড়িয়ে ব্রোঞ্জপদক নেয় আমাদের সৌরভ দাশ ও নূর মোহাম্মদ শফিউল্লাহ। ধনঞ্জয় ২৫ নম্বর নিয়ে সম্মিলিত মেধা তালিকায় ৬৪তম হয়েছে।মার ডেল প্লাটার থিয়েটার মিলনায়তনে আয়োজিত আইএমওর সমাপনী অনুষ্ঠানের মূল উপজীব্যই ছিল ২৭৭ জন প্রতিযোগীর গলায় পদক পরিয়ে দেওয়া। তাদের মধ্যে স্বর্ণপদক পায় ৫১ জন, রুপা ৮৮ জন এবং ব্রোঞ্জপদক ১৩৮ জন শিক্ষার্থী। এবার ১০০টি দেশের ৫৪৮ জন শিক্ষার্থী (ছেলে ৪৯৬ ও মেয়ে ৫২ জন) আইএমওতে অংশ নেয়। ফলাফল ঘোষণার সময় প্রায় প্রত্যেকেই নিজ দেশের পতাকা গায়ে জড়িয়ে মঞ্চে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মার ডেল প্লাটা শহরের মেয়র।বাংলাদেশ দল ৭৪ পয়েন্ট নিয়ে আয়োজক দেশ আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে রয়েছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম। আর প্রথম ১০টি দেশের মধ্যে সাতটি এশিয়ার। সিঙ্গাপুরের শিক্ষার্থী জেক লিম ৪২-এ ৪২ নম্বর পেয়ে চৌকস নৈপুণ্য দেখায়। দীর্ঘদিন পর শিরোপা হাতছাড়া হয়েছে চীনের। দক্ষিণ কোরিয়া সব কটি সোনার পদক ও মোট ২০৯ নম্বর পেয়ে এবার শীর্ষস্থানে উঠে এসেছে। পেছনের সারির দেশগুলোর মধ্যে সবচেয়ে সাড়া জাগিয়েছে সৌদি আরব। গত বছরের ৭০তম অবস্থান থেকে দেশটি এবার ২৯তম স্থানে উঠে এসেছে। দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে সৌদি শিক্ষার্থীরা। দলের সঙ্গে কয়েক বছর ধরেই আসেন দেশটির উপমন্ত্রী আবদুল্লাহ আল-হার্থি। এ বছর তিনি আর মন্ত্রী নন, অবসর নিয়েছেন। অবশ্য সরকার তাঁকে গণিত, পদার্থ ও রসায়ন অলিম্পিয়াড দলের দায়িত্ব দিয়ে রেখেছে। রাতে বিদায়ী ভোজের মাধ্যমে আইএমওর আনুষ্ঠানিকতা শেষ হয়। এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাল বুধবার বাংলাদেশ সময় সকাল আটটা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।বাংলাদেশ এবার অষ্টম বারের মতো আইএমওতে অংশ নিল। ১৯৫৯ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয়। ২০০৪ সালে গ্রিসে ৪৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ। ২০০৫ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৬তম আইএমওতে বাংলাদেশ প্রথম অংশ নেয়। ২০০৯ সালে জার্মানিতে সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী প্রথম বারের মতো অর্জন করে দুটি ব্রোঞ্জপদক, ২০১০ সালে কাজাখস্তানের আস্তানায় তারিক আদনান ও ২০১১ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে ধনঞ্জয় বিশ্বাস ব্রোঞ্জপদক অর্জন করে। ২০১৩ সালে কলাম্বিয়ার সান্টা মারটা শহরে ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হবে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসবের মাধ্যমে বাংলাদেশ গণিত দলের বাছাই পর্ব হয়ে থাকে।