দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার ১১টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের শেষ সময় ছিল গত ২৮ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ হয়নি। স্থানীয় লোকজনের দাবি, এখন পর্যন্ত কাজ হয়েছে ৫০ থেকে ৬০ শতাংশ।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, দিরাই ও শাল্লা উপজেলার ১১টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাঁচ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এসব বাঁধের কাজ করছে।গতকাল বৃহস্পতিবার দিরাই উপজেলার বরাম হাওরের কাদিরপুর, গোরাখাই, বোয়ালিয়া, সরালিতোপা, আমিরপুর বাঁধ; চাপতির হাওরের বৈশাখী, নোয়াখাল, কুত্তামারা, কলিয়ার কাপন বাঁধে গিয়ে দেখা গেছে, বাঁধে এখনো মাটি ফেলা হচ্ছে। কোনো কোনো বাঁধে ৫০ শতাংশ কাজও হয়নি। কাদিরপুর গ্রামের কৃষক সেলিম আহমদ (৩৫) ও আব্বাস আলী (৫১) জানান, গত বছর যেদিকে পানি ঢুকে বরাম হাওর তলিয়ে যায়, এবার সেই স্থানে এখনো মাটি ফেলা হয়নি। এই দুই হাওরের ফসল নিয়ে কৃষকেরা আতঙ্কে আছেন। পিআইসির লোকজন ও পাউবোর কর্মকর্তারা কাজে গাফিলতি করছেন। মাতারগাঁও গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘কলিয়ার কাপন বাঁধের কাজ বড়জোর ৪০ থেকে ৪৫ শতাংশ হয়েছে। মাটি ফেলা হচ্ছে ধীরে। মনে হচ্ছে পানির জন্য অপেক্ষা করছে তারা। চাপতির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর আলম বলেন, ‘চাতল বাঁধের কাজ ৪০ থেকে ৫০, বৈশাখীর বাঁধে ৫৫ থেকে ৬০ ও নোয়াখাল বাঁধে ৫০ থেকে ৬০ শতাংশ কাজ হয়েছে।’ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইরার প্রকল্প কর্মকর্তা রূপক চন্দ্র দাস জানান, তাঁরা সংগঠনের উদ্যোগে চাপতির হাওরের তিনটি বাঁধ পরিদর্শন করেছেন। এসব বাঁধে ৪০ থেকে ৫০ শতাংশ কাজ হয়েছে।চাপতির হাওরের চাতল থেকে কলিয়ার কাপন বাঁধের পিআইসির প্রধান ও জগদল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাসনাত প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ৭০ ভাগ কাজ শেষ করেছেন।দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, এবার বাঁধের কাজ হচ্ছে খুবই ধীরগতিতে। কাজের মান সন্তোষজনক নয়। তিনি জানান, কাদিরপুর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে এখনো মাটি ফেলা হয়নি। গোরাখাই বাঁধে যেভাবে মাটি ফেলা হয়েছে সেটি ঢলের পানি আসলে টিকবে না।দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস বলেন, ‘আমি বরাম ও চাপতির হাওরের কয়েকটি বাঁধে গিয়েছি। কাজ খুবই নিম্নমানের হচ্ছে। কলিয়ার কাপন বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ধসে গেছে। কাজ যে গতিতে চলছে, এ মাসের ভেতরে শেষ হবে কি না, সন্দেহ আছে।’দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল আলম বলেন, ‘আমি বাঁধের বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।’ সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল দাবি করেন, দিরাই-শাল্লায় হাওরে বাঁধের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ এ মাসের মধ্যেই শেষ হবে।