
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল সোমবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোস্তাইন বিল্লাহর আদালতে জমা দিয়েছে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। মামলার তদন্তকাজও চলছে।’
এদিকে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনকে ‘প্রহসনমূলক’ আখ্য দিয়ে এটি প্রত্যাখ্যান করেছে বিভিন্ন নারী সংগঠন।
তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড গত রোববার সিআইডির কাছে প্রতিবেদন জমা দেন। প্রায় আড়াই মাস কালক্ষেপণ করার পর দেওয়া এই ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন তনুর মা-বাবাসহ এই হত্যার বিচার দাবিতে সোচ্চার বিভিন্ন মহল। প্রথম ময়নাতদন্তের মতো দ্বিতীয় দফায়ও তনুর মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি মেডিকেল বোর্ড। এ বিষয়ে মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহার ভাষ্য, ১০ দিন পর কবর থেকে তোলা লাশ বিকৃত (ডিকম্পোজড) হয়ে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি।
এর আগে ডিএনএ পরীক্ষার বরাত দিয়ে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি বলেছিল, তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের কথা উল্লেখ নেই। এতে বলা হয়, মৃত্যুর আগে ‘যৌন সংসর্গ’ হয়েছিল। এই ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তনুর পরিবার। তনুর বাবা ইয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি একটি ভুয়া রিপোর্ট। আড়াই মাস পর ডাক্তাররা এটা কী রিপোর্ট দিল। তারা ময়নাতদন্তের পর আমার বাসায় আসল, আমরা সব খুলে বললাম। তারা কোনো কিছু আমলে নেয়নি।’ তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমরা সিভিল ও গরিব বলে এসব করা হচ্ছে।’
দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের খবর গণমাধ্যমে প্রকাশের পর কুমিল্লায় নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। গণজাগরণ মঞ্চের কুমিল্লার সংগঠক খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্ত হয় মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য। এ ক্ষেত্রে চিকিত্সকেরা দীর্ঘদিন টালবাহানা করে দায়সারা একটি প্রতিবেদন দিয়েছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব, আইনের আশ্রয় নেব।’
অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন বলেন, তনুকে হত্যা করা হয়েছে, এর থেকে নির্মম সত্য আর কিছুই নেই। এরপরও দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে প্যাঁচানো মন্তব্য করা হয়েছে। এ প্রতিবেদনের গ্রহণযোগ্য নয়।
গতকাল ঢাকায় পৃথক বিবৃতিতে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনকে ‘প্রহসনমূলক’ আখ্য দিয়ে এটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি ও শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনগুলো সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ও মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহার অপসারণের দাবি করেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনু খুন হন গত ২০ মার্চ। কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন এ ঘটনায় বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।