কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২৮ দিন অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করা যায়নি। মামলা দায়েরের পর কেবল জিজ্ঞাসাবাদের কাজই হচ্ছে। ময়নাতদন্ত নিয়ে হচ্ছে নানা কাহিনি। এভাবে সময়ক্ষেপণ করলে খুনিরা অধরাই থেকে যাবে।
কুমিল্লায় গতকাল সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তনু হত্যাকাণ্ডসহ দেশে অন্যান্য ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিকেলে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, অবিলম্বে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। তা না হলে দেশে একের পর এক হত্যা, খুন ও ধর্ষণের ঘটনা ঘটবে।
জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক বিমল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক পরেশ কর, গণফ্রন্টের কুমিল্লা জেলার আহ্বায়ক মোতাহার হোসেন বাবুল, উদীচী জেলা সংসদের সভাপতি চিকিৎসক মৃণাল কান্তি ঢালী প্রমুখ।
সিলেটে সমাবেশ: তনুসহ সারা দেশে সংগঠিত নারী ও শিশু হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট গতকাল সংহতি সমাবেশ করেছে। ২৫ এপ্রিল সারা দেশে আধাবেলা হরতাল পালনের আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।
এদিকে তনু হত্যাসহ দেশব্যাপী নারী ধর্ষণ ও শিশু হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা আধাবেলা হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করেছে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল সিপিবি ও বাসদের নেতাদের সঙ্গে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতাদের বৈঠকে এই সমর্থন ব্যক্ত করা হয়।