ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির অংশ হিসেবে আজ রোববার চট্টগ্রামে আসছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক দল। তারা আজ সকালে দিয়াজের লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করবে এবং সুরতহাল প্রতিবেদনের সাক্ষীদের সঙ্গে কথা বলবে।
দিয়াজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে গিয়ে প্রথমে দিয়াজের লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করব। সুরতহাল প্রতিবেদনের সাক্ষী ও যাঁরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন, তাঁদের সঙ্গে কথা বলব। এরপর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিকারী ডাক্তারদের সঙ্গে কথা বলব।’ ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর দিয়াজের পুনঃময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে চিকিৎসকেরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাঁদের সঙ্গে সিআইডির প্রতিনিধিদল, সুরতহাল প্রতিবেদন তৈরির কাজে যুক্ত থাকা ব্যক্তিরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
গত ১১ ডিসেম্বর দিয়াজের মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। সেদিন চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানান, মরদেহে আঘাতের চিহ্ন পেয়েছেন তাঁরা। এর আগে ৬ ডিসেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে দিয়াজের মরদেহ তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে তিন সদস্যের কমিটি গঠন করার কথা উল্লেখ ছিল। আদালতের নির্দেশে গত ১০ ডিসেম্বর কবর থেকে দিয়াজের লাশ তোলা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা হয়। পরে লাশ নিয়ে ঢাকায় আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত ২১ নভেম্বর। এরপর ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।
দিয়াজ হত্যা মামলার আসামিরা ময়নাতদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘দিয়াজ হত্যা মামলার আসামিরা ময়নাতদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আশা করছি ডাক্তাররা হত্যা মামলার আসামিদের কোনো প্রকার অপপ্রচারে কান দেবেন না। ডাক্তাররা প্রাথমিকভাবে দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন। তাঁরা সুষ্ঠু ও সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন দেবেন বলেই মনে করি। আর এ ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজের শরীরের আঘাতের চিহ্নের ব্যাখ্যা পাব বলে আশা করছি।’