দ্বিতীয় ময়নাতদন্তে 'আঘাতের চিহ্ন'

দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন বলছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহে ‘আঘাতের চিহ্ন’ রয়েছে। আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজে গতকাল রোববার দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। এর আগে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর পরে না আগে এ আঘাত লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএনএ নমুনা ও ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
সোহেল মাহমুদ বলেন, ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যাবে। প্রথমে যাঁরা ময়নাতদন্ত করেছিলেন তাঁদের ও সাক্ষীদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। মরদেহে কী ধরনের আঘাত রয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এখনই তা বলা যাবে না।
গত শনিবার চট্টগ্রাম থেকে দিয়াজের লাশ নিয়ে আসা হয়। রাখা হয় ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকা থেকে দিয়াজের মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছি। রাতেই লাশ আবার দাফন করা হবে।’
গত ২১ নভেম্বর দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজ আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাঁর পরিবার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।
৬ ডিসেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে দিয়াজের মরদেহ তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা হয়।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। দিয়াজ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল। তাঁর লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আশাবাদী এবার সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’