দ্বিতীয় শ্রেণির মর্যাদার দাবিতে বরিশালে শিক্ষকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষকেরা। পরে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বরিশাল।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তিন বছর অতিক্রম হলেও পদমর্যাদা বাস্তবায়ন ও বেতন স্কেল প্রদান করা হয়নি। অবিলম্বে দ্বিতীয় শ্রেণির মর্যাদা, বেতন বৈষম্য দূর করে ১০ গ্রেডে উন্নীতকরণ, সার্ভিস বেনিফিটসহ বেতন নির্ধারণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করার দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষকনেতারা। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বরিশাল জেলার সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক নূরুল হক প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করে গেজেট প্রকাশ না করায় পদমর্যাদা বাস্তবায়িত হচ্ছে না।