দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হত্যা, অষ্টম শ্রেণীর ছাত্র গ্রেপ্তার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তুলি রানি দাসকে (৮) হত্যা করা হয়েছে। গত রোববার উপজেলার চেচরি গ্রামের একটি মাঠের পাশে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের দিনমজুর স্বপন কুমার দাসের মেয়ে। এ ঘটনায় গত সোমবার স্বপন কুমারের প্রতিবেশী কিশোর পলাশ মৃধার (১৪) বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন। পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, রোববার বিকেলে চেচরি গ্রামের দিনমজুর গোপাল চন্দ্র মৃধার ছেলে বানাই মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র পলাশ মৃধার সঙ্গে তুলি রানি পার্শ্ববর্তী মাঠে খেলতে যায়। সন্ধ্যার পর পলাশ ফিরে এলেও তুলি ফেরেনি। তুলির বাবা ও স্থানীয় লোকজন এ ব্যাপারে পলাশকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, খেলতে খেলতে একপর্যায়ে তার একটি ঢিলের আঘাতে তুলি মারা গেছে। তার লাশ পার্শ্ববর্তী খালে কলাগাছ দিয়ে চাপা দেওয়া হয়েছে। পলাশের দেওয়া তথ্য অনুযায়ী তুলির লাশ তার স্বজনেরা ওই স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি জানান, হত্যার আগে মেয়েটির ওপর কোনো নির্যাতন করা হয়েছে কি না, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।তুলির প্রতিবেশী সতীশ পাইক জানান, জিজ্ঞাসাবাদে পলাশ তাঁদের জানায়, তুলির নাকে আঘাত করার পর সে অজ্ঞান হয়ে যায়। তুলি বেঁচে আছে না মারা গেছে, তা যাচাই করতে সে তুলির কানে কামড় দেয়। তুলি মারা গেছে বলে নিশ্চিত হওয়ার পর লাশ খালে ফেলে সে কলাগাছ দিয়ে চাপা দেয়।