দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর বিয়ে!
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আজ মঙ্গলবার দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর (৯) বিয়ের আয়োজন করা হয়েছে। জানা গেছে, উপজেলার গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত। গতকাল সোমবার ক্লাসে গিয়ে শিক্ষক জানতে পারেন, মঙ্গলবার ছাত্রীটির বিয়ে হবে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষিকা লায়লা আঞ্জুমান লোক পাঠিয়ে ওই ছাত্রীর অভিভাবক ও ছেলের বাবা-মাকে ডেকে এনে বিবাহ বন্ধ করার অনুরোধ জানান। তবে দুই পক্ষই অনুরোধ অগ্রাহ্য করে বিয়ের সিদ্ধান্তে অনড় রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আঞ্জুমান বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করতে দুই পক্ষকে অনুরোধ করেছি। তবে অনুরোধ অগ্রাহ্য করেই বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিতে উপজেলার মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি।’