দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গতকাল বৃহস্পতিবার শাবনুর (৭) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে পুলিশের ধারণা। স্কুলছাত্রীর পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, উপজেলার অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে শাবনুর গত বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরে। এ সময় কৃষক বাবা তাকে মাঠ থেকে গরু আনতে পাঠান। কিন্তু পরে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তার কোনো সন্ধান মেলেনি। গতকাল সকালে বাড়ির পাশে পাটখেতে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সে অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন শাবনুর তাঁর বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিল বলে জানান। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, গতকাল সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।