দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. সাইদুর রহমান (৬৭) গতকাল সোমবার জবানবন্দি দেওয়া শুরু করেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জবানবন্দিতে সাইদুর বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে। ১৯৭৮ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন, ২০০৪ সালে সেখান থেকে অবসর নেন। একাত্তরের ২৬ মার্চ আক্কেলপুরে জাতীয় পরিষদ সদস্য মহিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠিত হয়।এ পর্যায়ে ট্রাইব্যুনাল সাইদুরের জবানবন্দির বাকি অংশ উপস্থাপনের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।নবম সাক্ষীকে জেরা অব্যাহত: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আমির হোসেন মোল্লাকে গতকাল তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। বেশ কয়েকটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।