দ্বিতীয় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন কাল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোড়া আমখোলাপাড়া গ্রামে নির্মিত দ্বিতীয় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনটি আগামীকাল রোববার উদ্বোধন করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখন কক্সবাজারে একটি সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশন আছে। সেখান থেকে প্রতি সেকেন্ডে ২৫০ গিগাবাইট (জিবিপিএস) গতির ইন্টারনেট পাওয়া যাচ্ছে। এ থেকে আমরা সবার চাহিদা মেটাতে পারছি না। এখন কুয়াকাটার কাছাকাছি এ স্টেশনটি থেকে পর্যায়ক্রমে আমরা দেড় হাজার জিবিপিএস গতির ব্যান্ডউইটথ সরবরাহের সক্ষমতা অর্জন করতে পারব।’
মনোয়ার হোসেন আরও বলেন, দ্বিতীয় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনটি চালু হলে দেশীয় টেলিকম কোম্পানিগুলোকে বিদেশ থেকে ব্যান্ডউইটথ কিনতে হবে না। বরং অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইটথ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ পাবে। এর ফলে একটি স্টেশনে সমস্যা হলে আরেকটি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। তা ছাড়া পটুয়াখালী, বরিশাল, যশোর, খুলনা, ফরিদপুরসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ কম দামে ব্যান্ডউইটথ পাবে। এর গুণগত মান ভালো হবে এবং ইন্টারনেটের দ্রুততাও বাড়বে।
প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, জাপানের এনইসি এবং ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট যন্ত্রপাতি স্থাপনসহ এই সাবমেরিন কেব্ল নির্মাণ করছে। কুয়াকাটা সৈকত থেকে একটি ব্রাঞ্চের মাধ্যমে মূল কেবলে বাংলাদেশ যুক্ত হবে। প্রায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে বাংলাদেশ সরকার ১৬৬ কোটি টাকা ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা ব্যয় করেছে। ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রকল্পের বাকি প্রায় ৩৫২ কোটি টাকার ঋণসহায়তা দিয়েছে। ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) অপারেটর হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কুয়াকাটা থেকে ঢাকাসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় ও জেলা শহরগুলোতে ব্যান্ডউইটথ পৌঁছানোর জন্য অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ করেছে।