দ্বিতীয় স্ত্রী ও তাঁর ছেলে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরের বিচারিক হাকিমের আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন জালালের দ্বিতীয় স্ত্রী আয়শা বেগম ও আয়শার প্রথম স্বামীর ছেলে মাসুদ ইকবাল। এর আগে বুধবার তাঁদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন জালালের একমাত্র ছেলে (প্রথম স্ত্রীর) কুতুব উদ্দিন তালুকদার। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আয়শা বেগম ও তাঁর প্রথম স্বামীর ছেলে মাসুদকে গতকাল আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ কুতুব উদ্দিন তালুকদার তাঁর বাবার মৃত্যু পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার সৎমা ও স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।’ মামলার এজাহারে আয়শা ও মাসুদের নাম থাকলেও সাংসদ মোশতাকের নাম নেই। এ ব্যাপারে বুধবার নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের সাংসদ মোশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আশা করছি দু-তিন দিনের মধ্যে তদন্তে সব বের হয়ে আসবে। এখন এসব অনেক কথা আসতেই পারে।’রাষ্ট্রীয় মর্যাদায় দাফন: বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জালালের মৃতদেহ নিজ বাসার সামনে দাফন করা হয়। জালালের বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জালালের বাসায় যান। তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জালাল তালুকদার যদি খুন হয়ে থাকেন, খুনের পেছনে যত শক্তিশালী ব্যক্তিই থাকুক, দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।’