দ্বিতীয়বার পরীক্ষা দিল নিকলীর শিক্ষার্থীরা
অবশেষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১৪ দিন পর আবার একই বিষয়ে পরীক্ষা দিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিকলীর (বাউবি) ৩১ জন এসএসসি পরীক্ষার্থী।
গত শুক্রবার উপজেলার শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বিষয়ের পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
এর আগে ৯ ডিসেম্বর একই বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রসচিবের ভুলে নির্ধারিত সময়ের ১৪ দিন আগে ওই বিষয়ের পরীক্ষা নেওয়ায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ফলে ওই পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে (খ সেটে) আবার পরীক্ষা নেওয়া হয়।
এদিকে এই ঘটনায় নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে সাত কার্যদিবসের মধ্যে ক্ষমা প্রার্থনা করে ১৭ ডিসেম্বর তিনি নোটিশের লিখিত জবাব দেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘নির্ধারিত সময়ের আগে পরীক্ষা নেওয়ায় জেলা প্রশাসক ঘটনাটি তদন্তে আমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। শিগগিরই জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কিশোরগঞ্জের সহকারী আঞ্চলিক পরিচালক মো. আশরাফ হাসান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ভুলের জন্য গত শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে একই (খ সেট) প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা হয়েছে।