রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এ দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিলের পক্ষে সিদ্ধান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের বরাবর স্মারকলিপি দেন তাঁরা। অন্য দুটি দাবি হলো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি ফি কমানো এবং সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহার।
স্মারকলিপিতে বলা হয়, একই দেশের ভেতরে কোনো বিশ্ববিদ্যালয়ে তিনবার আবার কোনো বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এটা উচ্চশিক্ষার পথকে বাধাগ্রস্ত করে। প্রতিবছর কমবেশি সাত লাখ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লিপ্ত হন। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো মাত্র ৪০ হাজার শিক্ষার্থীর জায়গা দিতে পারে; যা একেবারেই অপ্রতুল।