ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে ছয় মাস পর আবার কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছাত্র-শিক্ষক-অভিভাবক ও বুদ্ধিজীবীসহ নাগরিক সমাবেশ’ করেছেন তাঁরা।
একই দাবিতে গত বছরের ১৭ নভেম্বর সর্বশেষ কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনকারীরা। প্রায় ১২৫ ঘণ্টা অনশন করে দাবি আদায় ছাড়াই সেদিন কর্মসূচি শেষ করেছিলেন তাঁরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ওই কর্মসূচি করেছিলেন তাঁরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন শিক্ষকের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
গতকাল দেড় শতাধিক শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থী রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করার ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে আমাদের হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের মুখে পড়ছে।’
সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে আসেন।
গত বছরের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর থেকে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ, নাগরিক সমাবেশ, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। একাধিকবার পুলিশ তাঁদের কয়েকজনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করার অভিযোগে মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৬ মার্চ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক—এমন ২৬ জন শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়।