দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হচ্ছে। এতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, ৬ অক্টোবর প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। রুটিনে দেখা যায়, ৩১ অক্টোবর প্রথম বর্ষের (সম্মান) পরীক্ষা শুরু হবে। সেদিন হবে সব বিষয়ের জন্য আবশ্যিক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় ৩১ আগস্ট। ৩১ অক্টোবর ভর্তি পরীক্ষা হবে। সেদিন বাণিজ্য অনুষদের সি-১ ইউনিটের ভর্তি পরীক্ষা সকালে ও সি-২ থেকে সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেলে হবে।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অন্তত চারজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সন্তানেরা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ফরম তুলেছে। কিন্তু একই দিন পরীক্ষা হওয়ায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। তারা ভর্তি পরীক্ষায় অংশ নেবে, নাকি প্রথম বর্ষের পরীক্ষা দেবে, এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।’

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কমার্স কলেজের প্রথম বর্ষ সম্মানের একজন পরীক্ষার্থী বলেন, ‘গত বছর অপেক্ষমাণ তালিকায় ছিলাম। আমার বিশ্বাস এবারের ভর্তি পরীক্ষায় ভালো করব। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করলে আমার ওই বিষয়ে ফেল আসবে। এ মুহূর্তে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। তা ছাড়া আমরা অনেক আগে তারিখ ঘোষণা করেছি। এ কারণে আমাদের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানা সত্ত্বেও একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া দুঃখজনক। আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁদের পরীক্ষার তারিখ পরিবর্তন করবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, ‘আমরা তো প্রথম বর্ষের অনার্স পরীক্ষার সূচি ঘোষণা করেছি। আমরা পরীক্ষা পেছানোর পক্ষে নই। বরং এগিয়ে আনতে পারলে সেশনজট থাকবে না।’ তিনি আরও বলেন, তবে যাঁরা দ্বিতীয়বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তাঁদের নিয়ে কী করা যায় ভাবতে হবে।