দ্বিতীয়বারও চূড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যা মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো আদালতে দাখিল করা হয়েছে। তবে এবারও তদন্ত কর্মকর্তা এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কাউকে শনাক্ত করতে পারেননি।এর আগে বগুড়া সিআইডির উপপরিদর্শক (এসআই) শাহীন আকন্দ তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফের অধিকতর তদন্তের জন্য ২০০৮ সালের ৬ নভেম্বর শেরপুর থানার পুলিশকে নির্দেশ দেন।মামলার অষ্টম তদন্তকারী কর্মকর্তা হিসেবে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ওসি আমিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন তদন্ত করেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হলে মামলাটি আবার চালু করা হবে। এই প্রতিবেদনে গ্রেপ্তার সব আসামিকে হত্যার দায় থেকে অব্যাহতিদানের আবেদন জানানো হয়েছে।বগুড়ার কোর্ট জিআরও (সহকারী উপপরিদর্শক) আবদুল জলিল বলেন, এই চূড়ান্ত প্রতিবেদনটি গতকাল বুধবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তারিকের আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত মামলার প্রতিবেদন নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। ২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে খুন হন দীপংকর চক্রবর্তী। হত্যার পর দীপংকর চক্রবর্তীর বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।