দ্বিতীয়বারও মেয়ে হওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কেশবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। গৃহবধূর লাশের ময়নাতদন্ত করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী শাহিমা বেগম (২৫) গত ৩০ মার্চ একটি কন্যাসন্তানের জন্ম দেন। তাঁর মেঘলা নামের দুই বছরের আরও একটি কন্যাসন্তান রয়েছে। এ নিয়ে শাহিনুরের পরিবারের লোকেরা প্রায়ই শাহিমার ওপর নির্যাতন চালাতেন।শাহিমার ভাই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের ছবেদ আলী অভিযোগ করেন, গত সোমবার সকালে শাহিনুর, তাঁর মা শাহানারা ও বাবা সামাদ সরদার শাহিমাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেন। এতে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, পর পর দুই মেয়ে হওয়ায় তাঁর বোনের ওপর শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই নির্যাতন চালাতেন। গত বুধবার দুপুরে শাহিনুরের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবাও বাড়িতে ছিলেন না। শাহিনুরের চাচাতো বোন শিউলী সদ্যঃপ্রসূত শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন।শাহিনুরের মা দাবি করেন, তাঁরা শাহিমার ওপর কোনো নির্যাতন করেননি। ছেলের সঙ্গে মনোমালিন্যের কারণে শাহিমা বিষ পানে মারা গেছেন। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, ছবেদ আলী তাঁর বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ দেওয়ায় লাশের ময়নাতদন্ত করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।