বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগের শাসন খারাপ। বিএনপির শাসন তার চেয়েও বেশি খারাপ। দেশে সুদিন আনতে হলে এ দুই দলের বাইরে বাম গণতান্ত্রিক প্রগতিশীলদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও দ্বিদলীয় জোটের বাইরে জনগণের বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বানে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সিপিবি ও বাসদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে ও বাসদের চট্টগ্রাম জেলার সমন্বয়ক মহিন উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য স ম ইউনুস প্রমুখ। জনসভার প্রস্তাবাবলি উত্থাপন করেন কমরেড কানাই দাশ। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, জনগণকে দেশের মালিক বলা হয়। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি আজ দেশের মালিককে জিম্মি করে রেখেছে। এই দুই জোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।