দ্বিদলীয় রাজনীতির বিপরীতে চাই জনগণের ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দ্বিদলীয় রাজনীতির সংকটকেই তুলে ধরেছে। বর্তমান সংকট এড়িয়ে দেশকে অগ্রসর করা সম্ভব নয়। দেশকে সংকটমুক্ত করতে দুই দলের সংঘাতের রাজনীতির বিপরীতে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে।
‘সংঘাত নয়, সমঝোতা চাই’ আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। টাকার খেলা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত ও সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন এবং অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ খেটে খাওয়া মানুষের। আমরা বড় দলগুলোর ক্ষমতার রশি টানাটানিতে সাধারণ মানুষের ভাগ্য বিলিয়ে দিতে পারি না। দেশ ও জনগণের স্বার্থে চলমান সংঘাত-হানাহানির অবসান চাই। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হানাহানির রাজনীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ হতে হবে।’
সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, চলমান সংকট নিরসনে দুই দল ও দুই নেত্রীর সমঝোতা ছাড়া গণতন্ত্র টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
সমাবেশে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান নির্বাচনব্যবস্থার সংস্কার না করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থাকে পাকাপোক্ত করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন করা হয়েছে ব্যক্তি, দল ও গোষ্ঠীর স্বার্থে। এই সংশোধনীর সঙ্গে জনগণের স্বার্থ কোনোভাবেই যুক্ত নয়। বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, হানাহানির রাজনীতি মানুষ চায় না। দ্বিদলীয় মেরুকরণের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। বিকল্প রাজনীতির উত্থান ঘটাতে না পারলে সংকট ঘুরেফিরেই আসবে।
সমাবেশ থেকে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সূচনা বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপিকা এ এন রাশেদা, ম ইনামুল হক, কাবেরী গায়েন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন।