দ্বিদলীয় ছায়ায় বাম ঐক্যের রাজনীতি দাঁড় করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ বা বিএনপির দলীয় বৃত্তের ছায়ায় থেকে বৃহত্তর বাম ঐক্যের রাজনীতি দাঁড় করানো যাবে না। আবার সাংগঠনিকভাবে আলাদা থেকে রাজনৈতিকভাবে এই দুই জোটের অধীনে থেকেও জনগণের ভরসাস্থল হওয়া যাবে না। গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিমত প্রকাশ করেন বাম মোর্চার নেতারা। সম্প্রতি গড়ে ওঠা সিপিবি-বাসদের ঐক্যের উল্লেখ করে এতে বলা হয়, ‘আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, ক্রিয়াশীল বামপন্থী দলগুলোর অনেকের মধ্যে এ ধরনের (কারও ছায়ায় থাকা) প্রবণতা এখনো ব্যাপকভাবে বিরাজমান।’ সংবাদ সম্মেলনে দুই জোটের বাইরে জনগণের নতুন এবং রাজনৈতিক শক্তি গড়ার অঙ্গীকার করা হয়। সে লক্ষ্যে আগামী ১৯ জুলাই দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ৪ আগস্ট বাম মোর্চার কেন্দ্রীয় প্রতিনিধি সভা আহ্বান করা হয়।বাম মোর্চা থেকে বাসদের সদস্যপদ স্থগিত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো, বর্তমান পরিস্থিতিতে মোর্চার রাজনৈতিক বক্তব্য উপস্থাপন ও কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। বাম মোর্চায় থেকে সিপিবির সঙ্গে জোট করায় বাসদের সদস্যপদ স্থগিত করা হয়।তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার নতুন সমন্বয়ক জোনায়েদ সাকি। বাসদের সদস্যপদ স্থগিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি জোটে থেকে সমান্তরালে আরেকটি জোট গঠন করা বাম মোর্চার চর্চিত কর্মপন্থার সঙ্গে অসংগতিপূর্ণ। সে অর্থে অনৈতিক বিবেচনা করে আমরা বাম মোর্চায় বাসদের সদস্যপদ স্থগিত করেছি।’লিখিত বক্তব্যে বর্তমান সরকারকে চূড়ান্তভাবে ব্যর্থ দাবি করে বলা হয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবার ঘনীভূত হয়ে উঠছে রাজনৈতিক সংকট। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে নানাভাবে ঝুলিয়ে রেখে আগামী নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সরকার তৎপর বলে দাবি করা হয়।বাম মোর্চার দাবি, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রীর বক্তব্যে নীতিগত কোনো অবস্থান নেই, বরং তা বিপদে পড়ে রাজনৈতিক চমক দিয়ে জনগণের কাছে ভাবমূর্তি সমুন্নত রাখার চেষ্টা। মন্ত্রীদের দুর্নীতি আড়াল করতে প্রধানমন্ত্রী দেশপ্রেমের ঝান্ডা তুলেছেন বলেও দাবি করেন নেতারা।সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সিদ্দিকুর রহমান, মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বহ্নিশিখা জামালী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আবদুস সাত্তার, নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের আবদুস সালাম, বাসদ (মাহবুব) ইয়াসিন মিঞা, মাহিনউদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।