জনজীবনের সংকট নিরসনে দ্বিদলীয় রাজনীতি বর্জন করে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দল দুটির যৌথ জনসভায় সিপিবি ও বাসদের নেতারা এই আহ্বান জানান। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদের কাছে নতজানু ধনিক শ্রেণীর দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের দ্বারা দেশ ও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় রাজনীতি বর্জন করে জনগণের নিজস্ব বিকল্প রাজনৈতিক শক্তি-সমাবেশ গড়ে তুলতে হবে।সভাপতির বক্তৃতায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘দ্বিদলীয় রাজনীতি দেশকে সর্বগ্রাসী বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। জনগণ দ্বিদলীয় বৃত্ত থেকে মুক্তি চায়।’বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ১৫ দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের বিকল্প সরকার গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশবাসী বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প দেখতে চায়। জনসভা থেকে ১৫ দফা দাবিতে ১৯ জুলাই সারা দেশে জেলা-উপজেলায় ও ২০ জুলাই ঢাকা শহরের পাড়ায়-মহল্লায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।