দ্বিধাদ্বন্দ্বে প্রার্থী-ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা জটিলতায় সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিতের চিঠি যেকোনো সময় রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে পারে। চিঠি এলেই স্থগিত হয়ে যাবে নির্বাচনী কর্মকাণ্ড। এ অবস্থায় দ্বিধাদ্বন্দ্ব নিয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গতকাল সোমবার রানীশংকৈল পৌর এলাকায় গিয়ে দেখা গেছে, পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কথা হয় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘গত ১০ তারিখ রাতে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার কথা শুনেছি। সে সময় রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি দাপ্তরিকভাবে নির্বাচন স্থগিতের কোনো চিঠি পাননি বলে জানান। কবে পাওয়া যাবে, তাও সঠিকভাবে জানাতে পারেননি তিনি। এ অবস্থায় মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ সময় নির্বাচন স্থগিত হলে খুব কষ্ট হবে।’

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে ভোটের মাঠ গুছিয়ে ফেলেছিলাম। ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত হয়ে গেলে আবার নতুন করে সাজাতে হবে।’

রানীশংকৈল পৌরসভার সচিব সফিউল্লাহ সরকার বলেন, ২০০৪ সালে পৌরসভা গঠনের পর এই পৌরসভার আয়তন ছিল ৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। ২০১৪ সালে ৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার করা হয়। এর মধ্যে নতুন ৩৮৪টি হোল্ডিং যোগ হয়। এসব হোল্ডিংয়ের বাসিন্দারা পৌরকরসহ সবকিছু পরিশোধ করছিলেন। কিন্তু নির্বাচনের গেজেটে তাদের বাদ দেওয়া হয়। এ ঘটনায় রানীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরীফুল ইসলাম সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। গত ৮ ও ৯ ডিসেম্বর আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

রানীশংকৈল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসান বলেন, যেকোনো সময় নির্বাচন স্থগিত হওয়ার চিঠি পৌঁছাতে পারে।