দ্বিধাদ্বন্দ্বে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষিত হলেও অংশ নেওয়ার ব্যাপারে মাঠপর্যায়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা গতকাল বুধবার পর্যন্ত কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাননি। এতে বরগুনার তিনটি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তাঁরা কোনো প্রচারণা বা জনসংযোগ শুরু করেননি।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ ছাড়া ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হবে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, গত মঙ্গলবার ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর বরগুনা সদর, বেতাগী ও পাথরঘাটা পৌরসভায় নির্বাচন হবে। আইনি জটিলতার কারণে আমতলী পৌরসভায় নির্বাচন হচ্ছে না। তফসিল ঘোষণার পর জেলার বিভিন্ন পৌরসভার বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গতকাল পর্যন্ত দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে মাঠপর্যায়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
যোগাযোগ করা হলে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের কেন্দ্রীয় কমিটি থেকে নির্বাচনের ব্যাপারে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন সম্ভাব্য মেয়র প্রার্থী প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অন্যান্য দলের প্রার্থীরা মাস খানেক আগে থেকে প্রচার-প্রচারণা ও জনসংযোগ শুরু করলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় নির্দেশনার অভাবে তা করতে পারছেন না। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে কি না তা নিয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এ জন্য অনেকে প্রচারে নামতে ভরসা পাচ্ছেন না। তাঁদের মতে, দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় আওয়ামী লীগ চাইবে তাদের দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে। এ অবস্থায় এই নির্বাচনে আদৌ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা আছে। নির্বাচন সুষ্ঠু না হলে সে নির্বাচনে যাওয়া না যাওয়া সমান কথা।
পাথরঘাটা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সহসভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না তা নিয়ে ভোটার এবং আমাদের মধ্যে সংশয় কাজ করছে সেটা ঠিক। তবে যতই শঙ্কা থাকুক না কেন, নেতা-কর্মীদের উজ্জীবিত করতে বিএনপির উচিত পৌর নির্বাচনে অংশ নেওয়া।’ তবে পাথরঘাটা পৌরসভার বিএনপির অপর সম্ভাব্য মেয়র প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হায়দার খান বলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিলে লাভবান হবে না। সরকার জানে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে দেশব্যাপী আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হবে। সে জন্য সরকার গত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের মতোই এই নির্বাচনেও কারচুপির আশ্রয় নেবে।
বেতাগী পৌরসভার সম্ভাব্য প্রার্থী জাহাঙ্গীর কবির মল্লিক বলেন, ‘নির্বাচন নিয়ে ভোটার ও আমাদের শঙ্কা আছে এটা ঠিক। কারণ আগে যেভাবে দুটি নির্বাচন হয়েছে তাতে কোনো কথাতেই ভোটার এবং আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত হতে পারছি না। ’ বেতাগীর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুরমায়ূন কবির মল্লিক বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। দল সিদ্ধান্ত নিলেই আমরা মাঠে নেমে পড়ব। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না এখন সেটাই প্রশ্ন।’