দ্বিধাবিভক্ত আনোয়ারা উপজেলা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। দলে সংকট দিন দিন বেড়েই চলছে। বর্তমানে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির দুই পক্ষের আলাদা কমিটি রয়েছে।দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ১৮ নভেম্বর সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম তাঁর অনুসারীদের নিয়ে সম্মেলন করে একটি কমিটি ঘোষণা করেন। একই দিন সরওয়ার জামালের বিরোধী পক্ষ বিএনপির নেতা কবির চৌধুরীর নেতৃতে সম্মেলন করে পৃথক একটি কমিটি ঘোষণা করে। বর্তমানে উপজেলার ১১টি ইউনিয়নে দুটি পক্ষের আলাদা আলাদা কমিটি রয়েছে। কমিটিগুলো বর্তমানে কেন্দ্রঘোষিত বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালন করে।স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার পরে উপজেলা বিএনপির একটি অংশ সরওয়ার জামালের বিরুদ্ধে অবস্থান নিলেও কেন্দ্রের নির্দেশে জাতীয় নির্বাচনে তাঁর পক্ষেই কাজ করেন। কিন্তু সেই ঐক্য বেশি দিন টেকেনি। বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। এর ফলে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।উপজেলা বিএনপির একটি কমিটিতে আছেন সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরোধী ব্যক্তিরা। তাঁরা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। এই কমিটির সভাপতি মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। ৭১ সদস্যের এই কমিটি জাফরুল ইসলাম চৌধুরী অনুমোদন করেন।অপর কমিটি করা হয় সরওয়ার জামাল নিজামের উপস্থিতিতে। এই কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী। এই কমিটি অনুমোদন করেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, গত নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁরা ধারণা করেছিলেন, বিএনপি ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু তা তো হলোই না, উল্টো দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিল। বর্তমানে এ সংকট বেড়েই চলছে।উপজেলা বিএনপির একাংশের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমরা সব বিভেদ ভুলে দলকে এক করতে চেয়েছিলাম। কিন্তু সরওয়ার জামাল নিজাম চাননি বলে তা হয়ে ওঠেনি। এখন উপজেলা বিএনপি ভালোভাবে এগিয়ে চলছে। ১১টি ইউনিয়নে আমাদের শক্তিশালী কমিটি আছে।’ সরওয়ার জামাল নিজাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দুই পক্ষকে এক করার চেষ্টা করেছি। কিন্তু জাফরুল ইসলাম চৌধুরীর অনুসারীরা চাননি বলে তা সম্ভব হয়নি।’সরওয়ার জামাল নিজামের অনুসারী ও উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘আমরা দলের মহাসচিবের অনুমোদনপ্রাপ্ত কমিটি। এর চেয়ে বড় আর কী হতে পারে।’এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।