
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ নরসিংদী সদর সফর করেছিলেন ২০ বছর আগে। এরপর তিনি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে অসংখ্যবার নরসিংদী অতিক্রম করেছেন। কিন্তু বড় কোনো সমাবেশে যোগ দেননি। দীর্ঘ বিরতির পর নেত্রী কাল রোববার নরসিংদী আসছেন।
তত্ত্বাবধায়ক ইস্যুসহ সরকারবিরোধী আন্দোলনে গতি আনতে বিএনপি-ঘোষিত আট জেলার সমাবেশ নরসিংদী থেকে শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে প্রস্তাবিত বাসাইল পৌর শিশুপার্ক মাঠে এ সমাবেশ হবে।
অবশ্য এ সফরের পেছনে কেউ কেউ নির্বাচনী প্রচারণা শুরুর গন্ধ খুঁজে বেড়াচ্ছেন। সেই কারণে নেত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মীরা বাড়তি প্রেরণা, উত্তেজনা ও গর্ব অনুভব করছেন। নেত্রীকে বরণ করতে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তোরণ নির্মাণ চলছে। এই দৌড়ে পিছিয়ে নেই জোটের নেতা-কর্মীরাও। অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী সমাবেশ থেকে ফায়দা নিতে তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে দ্বিধাবিভক্ত বিএনপি এক মঞ্চে এসে ওই দিন উপহার হিসেবে নেত্রীর সামনে তুলে ধরবে দলীয় ‘ঐক্য’।
শিল্পাঞ্চল নরসিংদীর সংসদীয় আসন পাঁচটি। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সব কটি আসনে ধানের শীষের জয় হয়। ’৯৬ সালে দুটি হাতছাড়া হয়ে যায়। ২০০১ সালে চারটি আসন পায়। তবে ২০০৮ সালে নৌকার গণজোয়ারে ধানের শীষের সব আসন ভেসে যায়। ভরাডুবির বেশ কয়েকটি কারণের মধ্যে দলের প্রকাশ্য কোন্দলকে প্রধান কারণ হিসেবে দেখা হয়। মূলত কোন্দল শুরু ২০০৩ সালে নরসিংদী-১ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নকে ঘিরে। দলের মনোনয়ন পেয়েছিলেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। নির্বাচনে খায়রুল কবির পার পেয়ে গেলেও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ধাক্কা খেতে হয়। তার প্রধান কারণ ছিল ‘খোকন ঠেকাও’ আন্দোলন।
সে বছর থেকে বিএনপির জেলা শাখার সহসভাপতি মঞ্জুর এলাহী, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিয়া মো. সেলিম, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ রোকেয়া আহমেদ খোকন ঠেকাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এর পর থেকে রোকেয়া আহমেদ ছাড়া বাকিরা এত দিন আলাদা প্ল্যাটফরমে রাজনীতি করেছেন। নানা চেষ্টা ও উদ্যোগ তাঁদের এক করতে পারেনি।
তবে হঠাৎ করেই নরসিংদীর দ্বিধাবিভক্ত বিএনপির রাজনীতিতে ঐক্যের সুর বেজে উঠেছে। নেত্রীর আগমণ উপলক্ষে এই ঐকতান। জানতে চাইলে খায়রুল কবির প্রথম আলোকে বলেন, ‘নেত্রীর আসাকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ মুছে গেছে। সমাবেশের দিন নেত্রীকে ঐক্য উপহার দিব। আমার বিশ্বাস, এই ঐক্য সারা দেশে বিএনপির রাজনীতিতে ছড়িয়ে পড়বে।’
নেতা-কর্মীরা জানান, সমাবেশ সফল করতে এরই মধ্যে সবাই এক হয়ে বেশ কয়েকটি সভা করেছেন। ৩৩টি উপকমিটি করা হয়েছে। তোরণে তত্ত্বাবধায়ক ইস্যুটি প্রাধান্য পেয়েছে। তোরণের ব্যানারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তি দাবি করেছে জামায়াত ইসলামী।
ঐক্যের কারণ জানতে চাইলে বিভক্ত বিএনপির নেতৃত্বে থাকা বিএনপির জেলা শাখার সহসভাপতি মঞ্জুর এলাহী বলেন, ‘দেশ, জাতি, দল বাঁচাতে ব্যক্তিগত হিসাব-নিকাশ ভুলে গেছি। তাই নেত্রীকে ঐক্য উপহার দিতে চাই।’ একই সুরে কথা বলেছেন মো. সেলিম।
এদিকে হঠাৎ ঐক্যের টেকসই নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দলের অনেক নেতা-কর্মী মনে করেন, বর্তমান ঐক্য ইস্যুভিত্তিক ও দৃশ্যমান। নেত্রী নরসিংদী ত্যাগের পরপরই দৃশ্যমান এই ঐক্য অদৃশ্য হয়ে পড়বে।
ঐক্যের স্থায়িত্ব নিয়ে জানতে চাইলে বিএনপির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছ থেকে এককথায় জবাব মেলে, ‘আমরা আশাবাদী।’