প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান গতকাল বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে বৈঠক করেছেন। এতে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ সফরে ভারতের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গতকাল দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন এই দুই নেতা। তবে বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, এতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। ভুটানে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিপক্ষীয় বৈঠক করেন। এতে গত জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় করা চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এই দুই নেতা। মূলত এ বিষয়ে অগ্রগতির জন্য গত মঙ্গলবার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।মশিউর রহমান আজ বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এতে ভারত থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। পরে মশিউর রহমান ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পানিসম্পদমন্ত্রী পাওয়ান কুমার বানসালের সঙ্গেও বৈঠক করবেন। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন বিষয়ে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ ও সংস্কৃতি খাতে পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।