দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ছয়টি চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং চীন সরকারি ও বেসরকারি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে তিনটি হচ্ছে সমঝোতা স্মারক (এমওইউ), দুটি সহযোগিতা চুক্তি এবং শিক্ষা, গণমাধ্যম ও বাণিজ্য খাত-সংক্রান্ত একটি বিনিময় নোট। খবর বাসসের।
গণভবনে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের সফররত উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানডঙের মধ্যে বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষর হয়। শেখ হাসিনা ও লিউ ইয়ানডং এসব চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা-সংক্রান্ত এমওইউতে স্বাক্ষর করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এবং চীনের শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এবং চীনের প্রেস ও পাবলিকেশন-সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র খাতে সহযোগিতা-সংক্রান্ত এমওইউতে স্বাক্ষর করেন বাংলাদেশের তথ্যসচিব মর্তুজা আহমেদ এবং চীনের উপমন্ত্রী টং গেং।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) মধ্যে ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি, স্কলার্স ও প্রশাসনিক স্টাফ বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষাসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ে আরেকটি এমওইউ স্বাক্ষরিত হয়। এই এমওইউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিএফএসইউর প্রেসিডেন্ট পেং লং স্বাক্ষর করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি ও চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটির (ডব্লিউটিইউ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এদিকে বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং চীনের ডব্লিউটিইউর মধ্যে ফ্যাশন ডিজাইন-সংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের লক্ষ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে কনটেইনার পরিদর্শন সরঞ্জাম প্রকল্প-সংক্রান্ত একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং স্বাক্ষর করেন।
চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানডং তিন দিনের সরকারি সফরে গতকালই ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁকে স্বাগত জানান। কাল মঙ্গলবার বিকেলে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।