দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সভাপতি জিগমে ওয়াই থিনলে রাষ্ট্রীয় সফরে ১০ জানুয়ারি বাংলাদেশে আসছেন। তাঁর চার দিনের এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। খবর ইউএনবির।দীর্ঘ রাজতান্ত্রিক শাসনের অবসানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ভুটানের কোনো সরকারপ্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর।ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেসাং গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর খুবই গুরুত্বপূর্ণ...ভুটানের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ।’প্রধানমন্ত্রী থিনলের সঙ্গে ঢাকা আসবে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। রাষ্ট্রদূত কেসাং জানান, ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন থিনলে। এ সময় অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পরে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধিসংক্রন্ত একটি চুক্তি স্বাক্ষর ও সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক একটি চুক্তি নবায়ন করা হবে।কেসাং জানান, স্বাস্থ্য খাতের চুক্তিটি সফল হলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং দক্ষ নির্মাণ-শ্রমিক নেওয়ার পথও সুগম হবে।