দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিজিবি-বিএসএফ বৈঠক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবি রাঙামাটি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) ফিরোজ ওয়াহিদের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ভারতের মিজোরাম রাজ্যের দেমাগ্রি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার ও অবৈধ সীমান্ত পারাপার বন্ধসহ সীমান্ত-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ-ভারত সীমান্তচুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে দুই পক্ষ সহমত প্রকাশ করে। সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে উভয় পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে উল্লেখ করা হয়।
বৈঠকে বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল শওকত ওসমান এবং বিএসএফের আইজল মিজোরামের ডিআইজি ব্রিগেডিয়ার ইউ পিএস পাঠানিয়া দুই পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির রাঙামাটি সেক্টরের নবাগত কমান্ডার ও বান্দরবান সেক্টর কমান্ডার উপস্থিত ছিলেন।