রাজধানীর হাতিরপুল থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত বীর উত্তম সি আর দত্ত সড়কের (আগের সোনারগাঁও সড়ক) দুই পাশেই যান চলাচল করতে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা সোনারগাঁও ক্রসিংসহ এ সড়কে পুলিশের তৈরি করা প্রতিবন্ধকতাও ভেঙে ফেলেন।গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শতাধিক ব্যবসায়ী ও দোকানকর্মী সোনারগাঁও ক্রসিংয়ে এসে প্রতিবন্ধক হিসেবে ব্যবহূত কংক্রিটের পিলার ও এর সঙ্গে বাঁধা বাঁশগুলো সরিয়ে রাস্তাটি খুলে দেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, এ সড়কটি একমুখী করায় তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিক্ষোভের সময় কয়েকজন লাঠি দিয়ে চলাচলরত গাড়িগুলোর ওপরও আঘাত করেন। পরে ব্যবসায়ী নেতারা লাঠিধারীদের নিরস্ত করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে বাংলামোটর লিংক রোড মোড়ে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা সি আর দত্ত সড়কের উভয় পাশে গাড়ি চালাতে চালকদের উৎসাহিত করেন। বেলা দেড়টার দিকে রাস্তা ছেড়ে দোকান খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। এ সময় সড়কটির দুই পাশ দিয়েই গাড়ি চলতে থাকে।সি আর দত্ত সড়ক দিয়ে গাড়ি এখন হাতিরপুলের দিক থেকে পান্থপথের দিকে শুধু যেতে পারে। সোনারগাঁও সার্ক ফোয়ারার বিপরীতে ওই সড়কের মাথায় বাঁশ ও কংক্রিটের পিলার দিয়ে প্রতিবন্ধকতা বসানো। এতে এ রাস্তার বিপরীত দিক দিয়ে পান্থপথের দিক থেকে আসা যায় না। এর ফলে হাতিরপুলের দিক থেকে আসা গাড়ি সার্ক ফোয়ারার পাশেই কাজী নজরুল ইসলাম এভিনিউতে পর্যন্ত উঠতে পারে না। নজরুল ইসলাম এভিনিউতে উঠতে গাড়িগুলোকে বসুন্ধরা সিটির সামনে দিয়ে পান্থপথ ক্রসিং পর্যন্ত গিয়ে ডানে মোড় নিতে হয়। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে সি আর দত্ত সড়কের পাশের বিপণিবিতানগুলোতে ক্রেতা সমাগম হয় খুবই কম। তাঁদের অভিযোগ, বসুন্ধরা সিটির ব্যবসা জমানোর স্বার্থে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।কয়েকজন ব্যবসায়ী বলেন, এই পথে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, নাহার প্লাজাসহ কয়েকটি বড় বিপণিবিতান রয়েছে। এ ছাড়া এটি টাইলস, মোজাইক, বাথরুম ফিটিংস ইত্যাদি গৃহসজ্জার সামগ্রী বিক্রির অন্যতম বড় কেন্দ্র। কিন্তু ঈদ মৌসুমেও বিপণিবিতানগুলো ক্রেতা পাচ্ছে না।ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালের জুলাই মাসে হাতিরপুল থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত একমুখী যান চলাচলের নির্দেশ দেয় ট্রাফিক কর্তৃপক্ষ। এর পর থেকেই ওই এলাকার বিপণিবিতানগুলোতে ক্রেতা কমতে থাকে। সম্প্রতি সড়কটির সোনারগাঁও ক্রসিংয়ের দিকের মুখ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়।বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল আহসান বলেন, সি আর দত্ত সড়ককে একমুখী করার পর থেকে যান চলাচল একদম কমে গেছে। রাস্তাটিকে ‘পার্কিং লট’ বানিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আলমগীর কবীর বলেন, জনগণের সুবিধার্থে সাময়িকভাবে ওই রাস্তায় ‘ডাইভারশন’ চলছিল। ব্যবসায়ীরা এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ ব্যবস্থা নিত। কিন্তু তা না করে তাঁরা নিজেরাই সব ভেঙে ফেলেছেন। এ জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।