দ্বিমুখী চাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা নাসির হায়দারকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে তাঁর অনুসারীদের ডাকা অবরোধ পঞ্চম দিনের মতো গতকাল রোববারও অব্যাহত ছিল। অন্যদিকে, এই আন্দোলনকারীদের শাস্তির দাবিতে পাল্টা আন্দোলনে নেমেছে ছাত্রলীগের অপর পক্ষ।
এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য যোগাযোগ করেনি দাবি করে অবরোধে অনড় থাকায় গতকালও নগর থেকে বিশ্ববিদ্যালয়ে যায়নি কোনো শাটল ট্রেন, বিশ্ববিদ্যালয় থেকে নগরে আসেনি কোনো শিক্ষক বাসও। ফলে গতকালও অচল ছিল বিশ্ববিদ্যালয়।
এর আগে গত শনিবার এক জরুির বৈঠকে অবরোধকারীদের কাছ থেকে দুই সপ্তাহ সময় চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, অবরোধের নামে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ তিনটি জায়গায় তালা ঝুলিয়েছে ছাত্রলীগের অপর পক্ষ। পরে বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তালা খুলে দেয় তারা। এই পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে নাসির হায়দারের অনুসারীরা।
অবরোধকারী অংশের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অমিত কুমার বসু প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো “অথেনটিক” কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই আমরা নৈতিক দাবিতে আন্দোলন চালিয়ে যাব।’
তিনি অভিযোগ করে বলেন, ‘মূল অপরাধীদের বাঁচাতে ছয়জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগই ছিল না।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অথেনটিক মিনস হোয়াট? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা এতে আগ্রহ দেখায়নি।’
এদিকে অন্য পক্ষের নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনের নামে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিম্মি করলেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ দেশে ফিরলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার কর্তৃপক্ষ দেশে ফিরলেও বৈরী আবহাওয়ার কারণে গতকাল ক্যাম্পাসে যেতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ এ বিষয়ে বলেন, ‘উপাচার্য মহোদয় বিষয়টি সমাধান করতে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’