সিলেটের কানাইঘাট পৌরসভায় মেয়র পদে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ভোটার ও মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলে এ আভাস পাওয়া গেছে।
আওয়ামী লীগের সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দলের ‘বিদ্রোহী’ নিজাম উদ্দিন। উভয়েই দলের ভোট কাটাকাটি করবেন বলে নাম প্রকাশ না করার শর্তে দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন।
লুৎফুর রহমান বলেন, দলীয় প্রার্থীকে বিপাকে ফেলতেই নিজাম অন্যান্য দলের প্রার্থীর সঙ্গে আঁতাত করে প্রার্থী হয়েছেন। দলের কোনো নেতা-কর্মী তাঁর সঙ্গে নেই।
গত সোম ও মঙ্গলবার পৌর এলাকার দেড় শতাধিক বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁদের প্রায় অভিন্ন মন্তব্য, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের লুৎফুর রহমান ও জামায়াতের মোহাম্মদ ওলি উল্লাহর।
তবে জামায়াত নেতা মোহাম্মদ ওলি উল্লাহ বলেন, ‘এলাকায় নিজাম উদ্দিনের গ্রহণযোগ্যতা ও ভোটব্যাংক রয়েছে। গত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তিনি সামান্য ভোটে হেরেছিলেন। তাঁর সঙ্গেই আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।’
স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন বলেন, ‘আমার মূল প্রতিদ্বন্দ্বী হবে জামায়াতের নেতা মোহাম্মদ ওলি উল্লাহ। তিনি গত নির্বাচনে অল্প ভোটে হেরেছিলেন। কানাইঘাটে বিএনপির প্রার্থী তুলনামূলকভাবে দুর্বল। শেষ মুহূর্তে বিএনপির সব ভোট ওলি উল্লাহ পেতে পারেন। এ ছাড়া এখানে জামায়াত সাংগঠনিকভাবেও শক্তিশালী।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে গঠিত কানাইঘাট পৌরসভায় ১৬ হাজার ২৮৭ জন ভোটার রয়েছেন। এখানে এ পর্যন্ত একবারই নির্বাচন হয়েছে। ২০১১ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ ওলি উল্লাহ। পৌরসভায় প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির বাবুল আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তাজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সুহেল আমীনও জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।
৭ নম্বর ওয়ার্ডের খেলুরবন্দ এলাকার শফিক উল হক বলেন, নিজাম উদ্দিন ‘বিদ্রোহী’ হওয়ায় এবার লুৎফুর রহমান চাপে আছেন। তুলনামূলকভাবে এখানে প্রচার-প্রচারণায় বিএনপির আবদুর রহিম একটু পিছিয়ে রয়েছেন।
২০১১ সালের নির্বাচনে ভানু লাল দাস নামের একজন মেয়র নির্বাচনে অংশ নিয়ে ৮৬৮ ভোট পেয়েছিলেন। তাঁর সমর্থিতদের ভোট এবার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর বাক্সে পড়তে পারে বলে আওয়ামী লীগের তিনজন নেতা জানিয়েছেন।
ডালাইরচর এলাকার একজন ভোটার বলেন, পৌরসভার পূর্ব দিকে সুরমা নদীর প্রথম অংশ এবং পশ্চিম দিকে দ্বিতীয় অংশ। আট প্রার্থীর মধ্যে কেবল বাংলাদেশ খেলাফত মজলিশ-সমর্থিত ইসলাম উদ্দিনের প্রথম অংশে বাড়ি এবং বাকিদের বাড়ি দ্বিতীয় অংশে। এলাকা বিবেচনায় ইসলাম উদ্দিনও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তবে লুৎফুর ও ওলি উল্লাহর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।