জন্মের আগে বাবাকে হারিয়েছেন। আশৈশব মাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছেন। থেকেছেন সরকারি জমিতে ছাপরাঘর তুলে। স্কুলে পড়ার, বইখাতা কেনার—এমনকি স্কুলের পোশাক কেনার টাকাও শিক্ষকেরা জুগিয়েছেন। সেই টাকার অভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। সঙ্গে ইতি ঘটে পড়াশোনার। এদিকে মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হন। মা-মেয়ের টানাটানির সংসারে তখন উপবাস ছিল রোজকার চিত্র।এমন দুর্দিনে একটি সংগঠন থেকে পাঁচ মাসের প্রশিক্ষণ নেন তিনি। মাত্র এক বছরের পরিশ্রমে সংসারের মোড় ঘুরিয়ে দেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মধ্য বিরবিরি গ্রামে তাঁর বাড়ি। দ্বীপকন্যা জহুরা বেগমের (২৩) সাফল্যের কথা এখন সবার মুখে মুখে। পাড়াগাঁয়ে বসে, এত কম বয়সে দারিদ্র্যের বিরুদ্ধে এমন সংগ্রাম ও সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে সুদূর ডেনমার্কেও। সে দেশের পত্র-পত্রিকায় ছাপা হয়েছে সে কাহিনি। পাঠক, চলুন শোনা যাক দুঃখ-বেদনায় গড়া সেই সাফল্যগাথা।হাতিয়া দ্বীপে পাঁচ লাখ মানুষের বাস। এদের বড় একটা অংশ এখনো হতদরিদ্র। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধ্য বিরবিরি গ্রাম। খালপাড়ে রাস্তার পাশে শণের ঘরে অসুস্থ মাকে নিয়ে থাকেন জহুরা।২০০৮ সালের জুনের শুরুর দিকে জহুরা বেসরকারি একটি সংস্থা থেকে পাঁচ মাসের প্রশিক্ষণ নেন। সঙ্গে প্রশিক্ষকের সহায়ক হিসেবে কাজ চালিয়ে যান। প্রতি মাসে তিন হাজার টাকা পেতেন। সেই টাকায় হাঁস-মুরগি, কবুতর ও ছাগল কেনেন। ক্ষুদ্র পরিসরে শুরু করেন বসতবাড়িকেন্দ্রিক কৃষি খামারের কাজ। ঘরের চালে শিম, মিষ্টি কুমড়া, লাউ; বাড়ির আঙিনায় বরবটি, বেগুন, টমেটো, মুলা ও পেঁপে লাগান। দেখতে দেখতে তরিতরকারি, শাকসবজিতে ভরে ওঠে জহুরার ঘর। সঙ্গে হাঁস-মুরগির ছানাপোনা তো আছেই। মাত্র এক বছরের মাথায় ৩০টি হাঁস, ৪০টি মুরগি, ১১টি ছাগল ও ১৯টি কবুতরের মালিক হয়েছেন তিনি। ছাপরাঘরে সুখের ঝলক দেখে আবিষ্ট হয়ে পড়েননি জহুরা। থেমে থাকনেনি ওই পর্যন্তই।পাশাপাশি দর্জির কাজ শিখেছেন। কিনেছেন একটি সেলাইমেশিন। প্রতিবেশীদের কাছ থেকে চেয়েচিন্তে কাপড় এনে সেলাই করে দিয়েছেন। সেখান থেকেও তাঁর ভালোই উপার্জন আসে। ঘরের দাওয়ায় বসে দুঃখ-সুখের এসব কাহিনি বলতে বলতে হঠাত্ চোখ দুটি চকচক করে ওঠে জহুরার। গর্বভরে বলেন, ‘এখন আমি টাকা সঞ্চয় করছি। নিজের ও মায়ের নামে দুটি ডিপিএস আছে। মা অ্যাজমার রোগী। ওষুধপত্র কিনতেই প্রতি মাসে অনেক টাকা বেরিয়ে যায়।’ জহুরা জানান, একসময় তাঁর ৫০ হাজার টাকা দেনা ছিল। সেসব শোধ করেছেন আগেই। বসতঘরের জন্য কাঠ কিনেছেন। গ্রামে একটুকরো জমি কেনারও চেষ্টা করছেন। আগে ঘরে খেজুর পাতার বেড়ার ছিল, এখন টিনের।বছর দেড়েক আগে জহুরা স্থানীয় সংগঠন দ্বীপসেবা সোসাইটিতে প্রশিক্ষকের সহায়ক হিসেবে যোগ দেন। একই সময় উপজেলা পশুসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রশিক্ষণও নেন। পাঁচ মাসের প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন খামার গড়ার কাজে। এর পরের ঘটনা তো সবার জানা। গত বছরের জুনে বেসরকারি সংস্থা আঞ্চলিক মত্স্য ও পশুসম্পদ উন্নয়ন কম্পোনেন্টের একটি ম্যাগাজিনে জহুরাকে নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বঙ্গোপসাগরের বুকে ছোট্ট দ্বীপে বসে অধ্যবসায়ী এই তরুণীর সাফল্যের খবর একই সঙ্গে ছাপা হয় ডেনমার্কের পত্র-পত্রিকায়ও। সংস্থাটির জ্যেষ্ঠ পরামর্শক হার্ভে ডিমেইন কিছুদিন আগে জহুরার খামারবাড়ি পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্থার সম্প্রসারণ কর্মসূচির ব্যবস্থাপক রেশাদ আলম ও জেলা সমন্বয়কারী হারুন অর রশীদ। এত কম সময়ে জহুরার সাফল্যের কথা শুনে অবাক হন হার্ভে ডিমেইন। তাঁরা জানান, জহুরাকে তাঁদের সংস্থার নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষক হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করছেন।রেশাদ আলম বলেন, দরিদ্র পরিবারগুলোর কর্মসংস্থানে একটি দিশা হতে পারে জহুরার এই সাফল্য। ভূমিহীন, জমিহীন জহুরা রাস্তার পাশে অব্যবহূত জায়গাকে ব্যবহার করে সাফল্য পেয়েছেন।