দ্বীপবাসী ঘর তুলতে পারে না হোটেল বানান প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ ইট, রড, সিমেন্ট ও বালু দিয়ে ঘর বানাতে পারছে না। আর নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীরা হোটেল, মোটেল, কটেজসহ নানা স্থাপনা তৈরি করছেন। বর্তমানে দ্বীপটিতে পাঁচটি ভবনের নির্মাণকাজ চলছে।সেন্ট মার্টিনের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ‘দ্বীপের আসল বাসিন্দারা ঘর তুলতে না পারলেও বাইরের প্রভাব-শালীরা ঠিকই বহুতল ভবন নির্মাণ করছেন। এতে কি পরিবেশের ক্ষতি হয় না?’জানা যায়, ২০০৫ সালে পরিবেশ অধিদপ্তর দ্বীপটিকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা দিয়ে ইট, রড, সিমেন্ট ও বালু আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের ডিসেম্বরে কক্সবাজারের জেলা প্রশাসক সেন্ট মার্টিনে পর্যটক জেটি সংস্কারের জন্য ফের নির্মাণসামগ্রী আনার অনুমতি দেন। এ সুযোগে দ্বীপের বাসিন্দা ও উপঠিকাদার খাইরুল এনাম অতিরিক্ত মালামাল মজুদ করে ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব নির্মাণসামগ্রী কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রামের প্রভাবশালী ব্যক্তিরা নানা স্থাপনা নির্মাণ করছেন। খাইরুল এনাম দাবি করেন, কিছু লোক শৌচাগার সংস্কারের জন্য ইট, রড, সিমেন্ট ও বালু তাঁর কাছ থেকে কিনে নিয়েছেন।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, দ্বীপটির আয়তন প্রায় আট বর্গকিলোমিটার। এখানে ১৩টি গ্রামে এক হাজার ২৫৫ পরিবার বাস করে। ছোট-বড় মিলিয়ে তাদের বাড়ি আছে এক হাজার ২৬টি। এতে প্রায় সাড়ে নয় হাজার মানুষ বাস করে। এর মধ্যে পাঁচ হাজার মানুষ সাত শতাধিক জরাজীর্ণ ঝুপড়িতে বাস করছে।সরেজমিনে দ্বীপের নারকেল বাগানের ভেতরে গোলপাতা ও বাঁশের তৈরি ছোট ছোট কিছু ঝুপড়ি ঘর চোখে পড়ে। তবে বেশির ভাগ ঘরের চালে গোলপাতার চিহ্ন আছে নামমাত্র। ঘরগুলো পলিথিন দিয়ে মোড়ানো। অপর-দিকে সৈকতের কাছাকাছি স্থানে চারটি একতলা ভবনের নির্মাণকাজ চলছে। পুলিশ ফাঁড়ির সামনে ডেলপাড়ায় একটি দোতলা ভবনের নির্মাণ শেষ হয়েছে। তিনতলার কাজ চলছে। দুই-আড়াই মাস আগে ভবনগুলোর কাজ শুরু হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।দ্বীপের উত্তরপাড়ার আবদুস শুক্কুর বলেন, ‘এই দ্বীপে জন্ম নিয়ে কী অপরাধ করেছি? এটা তো জন্মভিটা থেকে উচ্ছেদের মতো।’ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশ ও গোলপাতার একটি ঘর তৈরিতে খরচ হয় ৬০-৭০ হাজার টাকা। এমন ঘরে তিন-চার বছর থাকা যায়। অথচ এক-দেড় লাখ টাকায় আধাপাকা টিনের ঘর করা গেলে ২০-২৫ বছর থাকা যেত।পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, সেন্ট মার্টিনকে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। তাই সেখানে কোনো স্থাপনা তৈরি, বিক্রি ও জীববৈচিত্র্য ধ্বংস নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক জয়নুল বারী জানান, জেটি সংস্কারের জন্য যে অনুমতি দেওয়া হয়েছিল, তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে।