দ্বীপের একমাত্র বিদ্যালয়েই শিক্ষক-সংকট
শিক্ষক–সংকটে ব্যাহত হচ্ছে পেকুয়ার উজানটিয়া দ্বীপের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান করিয়ারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। শিক্ষকের চারটি পদে কর্মরত আছেন মাত্র দুজন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে দুই শতাধিক শিক্ষার্থী। ফলে পাঠদানে দুজন শিক্ষককে হিমশিম খেতে হচ্ছে। তাও প্রধান শিক্ষককে পাঠদানের পাশাপাশি ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। বিদ্যালয় পরিচালনা কমিটি দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। কিন্তু তাঁরা নিয়মিত আসেন না।
১২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক হামিদ হোছাইন তৃতীয় শ্রেণিতে আর সহকারী শিক্ষক আজিজুর রহমান ক্লাস নিচ্ছেন চতুর্থ শ্রেণিতে। শিক্ষক না থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা খেলায় ব্যস্ত। পঞ্চম শ্রেণির ছাত্র আবদুস শুক্কুর বলে, ‘নতুন বছরে এক দিনও দুটির বেশি ক্লাস হয়নি। আমরা পিএসসিতে (প্রাথমিক সমাপনী পরীক্ষা) ভালো করতে চাই, তাই শিক্ষকও চাই।’
অভিভাবক আনোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। কিন্তু বিদ্যালয়ে ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে সে পিএসসিতে ফল খারাপ করবে।’ তিনি পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ হোছাইন জানান, বিদ্যালয়টি ভৌগোলিকভাবে একটি দ্বীপে অবস্থিত। এখানে সড়ক ও নৌপথে যোগাযোগব্যবস্থা ভালো নয়। কোনো শিক্ষক বদলি হয়ে এলে এক মাসের বেশি থাকেন না। তাঁরা তদবির করে বদলি হয়ে অন্যত্র চলে যান। সংকট নিরসনে এ বিদ্যালয়ে দ্বীপের আশপাশের কোনো শিক্ষককে পদায়ন করতে হবে। এরপরই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা আকতার বলেন, ২০১২ সাল থেকেই দুজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়। একই বছর প্রাক্-প্রাথমিকে সৃষ্ট পদে প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক দেওয়া হয়েছে। ওই সময়ও বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, শিক্ষক–সংকটের কারণে এলাকার মানুষ ছেলেমেয়ের পড়ালেখার জন্য পেকুয়া ও চকরিয়া চলে যাচ্ছেন। বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ করা জরুরি।
জানতে চাইলে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, ‘পেকুয়া সদর থেকে একজন শিক্ষককে করিয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। আশা করছি শিগগির শিক্ষক–সংকট দূর হবে।’