দ্বৈত ধর্ম বিয়ের নিবন্ধক প্রাণেশ সমাদ্দার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত ধর্মের বিয়ের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালনকারী প্রাণেশ সমাদ্দার (৮৩) আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সুমনা ক্লিনিকে তিনি মারা যান। ভিন্ন দুই ধর্মের মধ্যে বিয়েকে ১৮৭২ সালের ‘দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায় বৈধতা দেওয়া হয়। বাংলাদেশিদের জন্য ১৯৭৩ সাল থেকে এ আইনটি বলবৎ রয়েছে। এই আইনের আওতায় আইন মন্ত্রণালয় ১৯৯৮ সাল থেকে প্রাণেশ সমাদ্দারকে ম্যারেজ রেজিস্টার হিসেবে নিয়োগ দেয়। মৃত্যুর ২০ দিন আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রী জানান, চট্টগ্রামে আরেকজন বর্তমানে এ দায়িত্ব পালন করছেন। ঢাকায় নতুন কাউকে এ দায়িত্ব দেওয়া যায় কি না, তা মন্ত্রণালয় বিবেচনা করবে। পারিবারিক সূত্র জানায়, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন প্রাণেশ সমাদ্দার। তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।