দ্বৈত ভোটার শনাক্ত করতে শুরু হচ্ছে ‘ক্রসম্যাচিং’
ভোটার তালিকায় দ্বৈত ভোটার শনাক্ত করতে দেশব্যাপী ‘ক্রসম্যাচিং’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কর্মকর্তারা পরীক্ষামূলক ক্রসম্যাচিং চালিয়ে ঢাকা মহানগরে ১৮৮ জন দ্বৈত ভোটার শনাক্ত করেছেন। প্রকল্প কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে সুপারিশ করেছেন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী কেউ একাধিক পরিচয়পত্র নিলে, অর্থাৎ একাধিক জায়গায় ভোটার হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।এ বিষয়ে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যাঁরা দুই জায়গায় ভোটার হয়েছেন, তাঁদের ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৮৮ জনের তালিকায় আমরা দেখেছি অধিকাংশই নারী। তদন্ত শেষে যদি প্রমাণিত হয় কেউ উদ্দেশ্যমূলকভাবে দুই জায়গায় ভোটার হয়েছেন, তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ কমিশন সূত্র জানায়, প্রকল্প থেকে ১৮৮ জনের বিরুদ্ধে ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী মামলা দায়ের এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র বাতিলের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাঁরা দুটি জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বিশেষ কোনো সুযোগ-সুবিধা নিয়েছেন কি না, তাও খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব বায়োমেট্রিকস যন্ত্রের মাধ্যমে ১৮৮ জন দ্বৈত ভোটার শনাক্ত করেছে। কিন্তু ধীরগতির হওয়ায় এই প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে ক্রসম্যাচিং চালানো সম্ভব নয়। সে জন্য আরও দ্রুতগতির সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের অংশ হিসেবে গত মাসে সফটওয়্যার কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সফটওয়্যার কেনার পর ঢাকা মহানগরের প্রায় ৩৭ লাখ ভোটারের মধ্যে নতুন করে ক্রসম্যাচিং করা হবে।