দ্বৈত শাসনের কারণে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারব্যবস্থা চলছে সমন্বয়হীনভাবে। এই সমন্বয়হীনতা দূর করতে দীর্ঘ ১৫ বছর আগে সরকার একটি পরিপত্র জারি করেছিল। কিন্তু এখনো তার কার্যকারিতা নেই। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানায়, একদিকে পার্বত্য চুক্তির (শান্তিচুক্তি) আলোকে গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন ও উপজেলা পরিষদ। এর সবগুলোই, বিশেষ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের তিনটি স্তরের প্রতিষ্ঠান। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই প্রতিষ্ঠানগুলোর কাজের মধ্যে কোনো সমন্বয় বা সামঞ্জস্য নেই।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৯ নম্বর ধারার (গ) উপধারা অনুযায়ী, তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়নের ব্যাপারে সমন্বয় সাধন ও তত্ত্বাবধানের দায়িত্ব আঞ্চলিক পরিষদের। আঞ্চলিক পরিষদ আইনেও এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই আইনের আলোকে ২০০১ সালের ১০ এপ্রিল তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়নের বিষয়ে আঞ্চলিক পরিষদের সমন্বয় সাধন ও তত্ত্বাবধান করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়। তারপরও পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আঞ্চলিক পরিষদকে কখনো পুরোপুরি আমলে নেয়নি।
১৯৯৮ সালে প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন, পৌরসভা আইন ও উপজেলা পরিষদ আইনের অসংগতি দূর করার ব্যাপারে ওই পরিপত্র জারি করা ছাড়া সরকার আর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ওই পরিপত্রের বাস্তবায়নের বিষয়েও কোনো পরিবীক্ষণ করেনি। ফলে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারের আইনের মধ্যে অসংগতির অজুহাতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত ও আঞ্চলিক পরিষদ উপেক্ষিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সূত্র জানায়, পরিপত্রের নির্দেশ মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো স্থানীয় পর্যায়ে কোনো নির্দেশনা কখনো দেয়নি। কারণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও আঞ্চলিক পরিষদের ক্ষমতায়ন তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে উদাসীন। এর ফলে স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোও সুযোগ পেয়েছে উপেক্ষা করার।
ওই সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাস্তবায়নের লক্ষ্যে কার্যবিধিমালা প্রণয়ন করা হলে প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা যেত। ২০০০ সালে এই কার্যবিধিমালার একটি খসড়ার ওপর আঞ্চলিক পরিষদের মতামত নেওয়া হলেও সরকার আজ পর্যন্ত তা চূড়ান্ত করেনি।
এ বিষয়ে তিন পার্বত্য জেলা পরিষদের সূত্রগুলো জানায়, ২০০১ সালের পরিপত্র অনুযায়ী তারা আঞ্চলিক পরিষদকে তাদের সভার কার্যবিবরণী পাঠায়। আঞ্চলিক পরিষদের ডাকা সভায় উপস্থিত থাকে এবং আইন অনুসারে জেলা পরিষদের স্থানীয় আয়ের ১০ শতাংশ আঞ্চলিক পরিষদকে হস্তান্তর করে। সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসমূহের সঙ্গে সমন্বয় সাধন করা হয়।
পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের যেসব সরকারি বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেগুলো পরিচালনার ক্ষেত্রেও জেলা পরিষদ অনেক সমস্যায় পড়ছে। অনেক সময়ই হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন এবং আরও অনেক বিষয়ে জেলা পরিষদকে কিছু না জানিয়েই প্রশাসনিক মন্ত্রণালয়গুলো সিদ্ধান্ত নেয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু ৯ অক্টোবর তাঁর দপ্তরে বসে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের শিক্ষক, হাসপাতালের চিকিৎসক হঠাৎ করে শোনা যায় নেই। বদলি হয়ে গেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরগুলো এটা করছে। কারণ, এই বিষয়গুলো যে জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে তাদের কিছুই জানানো হয়নি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও থানচি, রাঙামাটির বরকল ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের সূত্রগুলো বলছে, আঞ্চলিক পরিষদের সঙ্গে সমন্বয় সাধন বা তাদের তত্ত্বাবধানের বিষয়ে উপজেলা পরিষদের কাছে সরকারের কোনো নির্দেশনা নেই। এমনকি পার্বত্য জেলা পরিষদের সঙ্গেও তাদের আইনের সমন্বয়হীনতা রয়েছে।
ওই সূত্র বলে, উপজেলা পরিষদের অধীন সরকারি বিভিন্ন বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এবং পার্বত্য জেলা পরিষদগুলো পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। ফলে নানা প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে।
দেশে বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নয়টি আইন রয়েছে। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ আইন, গ্রাম আদালত আইন, পৌরসভা আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, সিটি করপোরেশন আইন এবং তিন পার্বত্য জেলার জন্য তিনটি আইন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকেও স্থানীয় সরকারের একটি স্তর বলে অনেকে মনে করেন। এই পরিষদের জন্যও আলাদা একটি আইন রয়েছে। তবে সরকারিভাবে আঞ্চলিক পরিষদকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার এর মর্যাদাও (স্ট্যাটাস) স্পষ্ট করা হয়নি। এতগুলো আইন ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের কার্যকর কোনো পদক্ষেপ কখনো নেওয়া হয়নি।
এগুলো ছাড়াও ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল অনুযায়ী ওই অঞ্চলে স্থানীয় সরকারের একটি ধারা বিদ্যমান আছে। তিন সার্কেল প্রধান (চাকমা, বোমাং ও মং রাজা), হেডম্যান ও কারবারিদের সমন্বয়ে এই ধারাটি সক্রিয় রয়েছে। অবশ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের উপস্থিতিতে এটি আগের মতো এখন আর পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের মূলধারা নয়।