মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রাণধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা চার মিলিগ্রাম। আর পান করতে হলে প্রয়োজন ছয় মিলিগ্রাম। চরম দূষণের শিকার বুড়িগঙ্গা নদীর মিলব্যারাক এলাকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পাওয়া গেছে প্রতি লিটারে মাত্র দশমিক ৩৮ মিলিগ্রাম।গতকাল শুক্রবার বুড়িগঙ্গা ও তুরাগের দূষণের মাত্রা সরেজমিনে দেখতে গিয়ে পরিবেশ অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল এ পরিমাপ পায়। প্রতিনিধিদলটি পুরোনো ঢাকার সদরঘাট থেকে রাজধানীর গাবতলী লঞ্চঘাট পর্যন্ত এলাকা পরিদর্শন করে। প্রতিনিধিদলটি যন্ত্রচালিত নৌকায় প্রথমে মিলব্যারাক এলাকায় যায়। সেখানে দলের সদস্যরা সায়েদাবাদ ও সূত্রাপুরসহ আশপাশের এলাকার নর্দমার পানি বুড়িগঙ্গা নদীতে পড়তে দেখেন। সদরঘাটের মাঝখান থেকে এক লিটার নদীর পানি পরীক্ষা করেন কর্মকর্তারা। এতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পাওয়া যায় এক দশমিক ৫৬ মিলিগ্রাম। এরপর সোয়ারিঘাটে এক দশমিক ২৬ মিলিগ্রাম, চাঁদনীঘাটে এক দশমিক ৮০ মিলিগ্রাম ও বরিশুর এলাকায় এক দশমিক ৯৬ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় পানিতে।প্রতিনিধি দলের সদস্যরা পথে বিভিন্ন স্থানে নদীতে পয়োবর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলতে দেখেন। জিঞ্জিরা এলাকায় তাঁরা নদী থেকে তোলা বর্জ্য নদীতেই ফেলে রাস্তা তৈরি করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। খোলামোড়া এলাকায় বুড়িগঙ্গার মাঝখানে অবৈধভাবে বালু তোলার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে পাঁচজনকে আটক করলেও তাঁদের গাবতলী নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের চারপাশে অবস্থিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদী এবং তুরাগ নদকে দূষণমুক্ত করার লক্ষ্য নিয়ে তাঁরা গতকাল সরেজমিনে পরিদর্শন করতে যান। তিনি বলেন, তিনটি কারণে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে। মানুষের সৃষ্ট পয়োবর্জ্য, শিল্পবর্জ্য ও ময়লা-আবর্জনা। এগুলো সরাসরি বুড়িগঙ্গা নদীতে পড়ছে। আবদুস সোবহান আরও বলেন, ঢাকা ওয়াসার দায়িত্ব পয়োবর্জ্য পরিশোধন করা, সিটি করপোরেশনের দায়িত্ব ময়লা-আবর্জনা সঠিক স্থানে ফেলা এবং শিল্পমালিকদের কাজ পরিশোধনাগার তৈরি করে বর্জ্য শোধন করা। কিন্তু কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানাবেন।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক আজমল হুদা বলেন, ময়লা-আবর্জনা যাতে সঠিক স্থানে ফেলা হয়, সে জন্য পাড়া-মহল্লায় কমিটি গঠন করা প্রয়োজন। এ ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন লোকজনকে উদ্বুদ্ধ করতে পারে।জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে জানান, লোকজন যদি নদীতে ময়লা না ফেলে রাস্তায়ও ফেলে, তবুও তাঁরা সেটি পরিষ্কার করে আনবেন। তিনি আরও জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁদের নেই।