দ্রব্যমূল্য ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া, গাড়িভাড়া, যানজট-জলজট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মানুষকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বামপন্থী দলের নেতারা। তাঁরা পবিত্র রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ রাজধানীর ভাঙাচোরা রাস্তাঘাট মেরামত ও গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।গতকাল শুক্রবার রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণসংহতি আন্দোলনের পৃথক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা আরও বিদ্যুতের দাম বাড়ানোর প্রচেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান ও অতীতের সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণে দেশে আজ গ্যাস-বিদ্যুৎসংকট হচ্ছে। এর দায়িত্ব জনগণ নেবে না। সিপিবি: তোপখানা রোডে বিএমএ ভবন চত্বরে সিপিবির সেগুনবাগিচা শাখা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ‘রাজধানী মূল্য’ যায় সিন্ডিকেটের পকেটে। এই সিন্ডিকেট ভাঙতে হবে।সিপিবির নেতারা বলেন, রাজধানীর বাড়িভাড়ায় কোনো নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন উপায়ে জনগণের কাছ থেকে কর নেওয়া হয়, কিন্তু গণপরিবহন চালু হয় না। মানুষ বিশুদ্ধ পানি পায় না।সিপিবির সেগুনবাগিচা শাখা সম্পাদক সেকেন্দার হায়াতের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। গণসংহতির বিক্ষোভ সমাবেশ: গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রোজার আগে দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া নিয়ন্ত্রণ করার’ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণসংহতি আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্রমাগত কুইক রেন্টাল কেন্দ্রের হাতে ছেড়ে দিয়ে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ২০০৭-০৮ সালে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল ২ টাকা ৩৬ পয়সা, এখন কুইক রেন্টালের কারণে তা হয়েছে ৬ টাকা ৬৮ পয়সা। এই অতিরিক্ত খরচ জনগণের পকেট থেকে নিয়ে ক্রমেই ধনী হচ্ছে কুইক রেন্টালের মালিকেরা। আর বিদ্যুতের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে।