দ্রব্যমূল্য কমানোসহ ১৫ দফা দাবিতে সিপিবির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনিসপত্রের দাম কমানোসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল শুক্রবার নগরের বিভিন্ন স্থানে সমাবেশ কর্মসূচি পালন করেছে। ‘দাম কমাও-জান বাঁচাও’ স্লোগান সামনে রেখে সমাবেশ থেকে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো হয়। দাম কমিয়ে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। রেশনিং, টিসিবি, গণবণ্টনব্যবস্থা চালু, ভোক্তা অধিকার সংরক্ষণ, অমানবিক মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মুক্তবাজার দর্শন পরিবর্তন করে মুক্তিযুদ্ধের অর্থনীতি চালু রাখার আহ্বান জানানো হয় এসব সমাবেশ থেকে। মিরপর ১০ নম্বর গোলচত্বরে আয়োজিত এক সমাবেশে সিপিবি নেতা ইদ্রিস আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিদ্দিক আহমেদ, সাজেদুল হক, খান আসাদুজ্জামান, শহীদুল ইসলাম প্রমুখ। ধানমন্ডির জিগাতলা কাঁচাবাজারের সমাবেশে সভাপতিত্ব করেন দিলীপ ব্যাপারী। বক্তব্য দেন আশরাফ হোসেন, শংকর আচার্য, আসলাম খান, মনীষা মজুমদার, আখতার হোসেন প্রমুখ। শান্তিনগর মোড়ের অপর সমাবেশে জলি তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাদেকুর রহমান, মানবেন্দ্র দেব, হজরত আলী, ত্রিদিব সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।