দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুলনায় বাজার পর্যবেক্ষণ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার নগর ভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং বাজার সুপার সেলিমুর রহমানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রমজানকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। জনস্বার্থে এ ধরনের কার্যকলাপ থেকে তাঁদের বিরত থাকা উচিত।সভায় সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সত্যেন্দ্র কুমার সরকার, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার সহেলী ফেরদৌস, সিটি করপোরেশনের সচিব কাজী ফায়জুর রহমান, বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, মহাসচিব এম এ কাফী, জেলা পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. আবদুল কাদের বেগ, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব শেখ ফজলুল হক, কাঁচা ও পাকামাল আড়তদার সমিতির সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।