দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদ ও ৫০ ভাগ আপত্কালীন মহার্ঘ ভাতা চালু, বাজেটে শ্রমিকদের রেশনিং এবং ডরমিটরি খাতে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এখন পোশাকশিল্পে দীর্ঘ কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটির দিনও কাজ করানো হয়। প্রডাকশনের নামে অমানবিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। কিন্তু সময়মতো দেওয়া হয় না বেতন। কেউ প্রতিবাদ করলে অবৈধভাবে তাঁকে চাকরিচ্যুত করা হয়। অন্যায়ভাবে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়া হয়। এতে ক্রমান্বয়ে পোশাকশিল্পে শ্রমব্যবস্থার অবনতি হচ্ছে।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে অধিকাংশ শাকসবজিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী। পবিত্র রমজানে তা আরও বাড়ার আশঙ্কা আছে। এতে গার্মেন্টস শ্রমিক ও দিনমজুরদের অবস্থা বর্ণনাতীত। তাঁরা মাসে যে মজুরি পান, সেটা দিয়ে ১৫ দিন চলাও অসম্ভব হয়ে পড়েছে। ক্রমান্বয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।
সমাবেশে বক্তারা আরও বলেন, বাজার পর্যবেক্ষণের জন্য র্যাবকে দায়িত্ব দিতে হবে। তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে। শ্রমিকদের বাঁচার জন্য অবিলম্বে মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।