দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্গাপূজার আয়োজনে কাটছাঁট
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দুর্গাপূজার আয়োজকেরা বিপাকে পড়েছেন। আয়োজকেরা বলছেন, প্রতিমা তৈরি, পুরোহিতের সম্মানী, সাজসজ্জা—সব ক্ষেত্রে খরচ বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। তাই এবার আয়োজনে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
আয়োজক বিপ্লব দাস বলেন, গত বছর যে পূজা আয়োজনের জন্য খরচ ছিল ১ লাখ টাকা। কিন্তু এবার তা বেড়ে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা হয়ে গেছে। বাজেটের এই ঘাটতি মেটাতে ঝামেলায় পড়ছেন ছোট-বড় উদ্যোক্তারা।
প্রতিমা কারিগরেরা বলেন, এ উপজেলার প্রতিমা তৈরির শিল্পীদের সুনাম আছে দেশজুড়ে। নিজ এলাকা ছাড়াও তাঁরা বিভিন্ন এলাকার প্রতিমা তৈরির কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এ বছর এ উপজেলার ৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কিন্তু এবার প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়ায় ভালো প্রতিমার চাহিদা কম। তাই এবার সেভাবে আয় হয়নি কারিগরদের।
কারিগরেরা আরও বলেন, বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরি ও পূজার উপকরণের দাম বাড়লেও এবার তা চরমে পৌঁছেছে। কোনো কোনো উপকরণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু উপকরণের দাম বাড়লেও আয়োজকেরা গতবারের বাজেটেই প্রতিমা তৈরি করে নিতে চাইছেন। ফলে সব খরচ বাদ দিয়ে এবার হাড়ভাঙা খাটুনির পরও প্রতিমাশিল্পীদের হাতে কিছুই থাকছে না।
উপজেলার সাদুল্লাপুর গ্রামের প্রতিমাশিল্পী হারাধন মোহন্ত বলেন, গতবার যে মাটির দাম ছিল ১৫০ টাকা, এবার তা ৩০০ টাকায় কিনতে হচ্ছে। প্রতিজন শ্রমিকের মজুরি ছিল ২০০ টাকা কিন্তু এবার বেড়ে হয়েছে ৩০০ টাকা। ১২০ টাকা কেজির শনপাট হয়েছে ২০০ টাকা কেজি। এভাবে বাঁশ, সুতলি, খড়, রংসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে প্রতিমার দামও কমপক্ষে দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু সে দিক থেকে গতবারের চেয়ে এবার দাম খুব একটা বাড়েনি। এভাবে চলতে থাকলে সামনের বছর আর প্রতিমা তৈরি করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
দুর্গাপূজার আয়োজনের আরেক উদ্যোক্তা অসীম কুমার মোহন্ত বলেন, আগের বছর পুরোহিতকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছিল। এবার তিনি ১৪ হাজার টাকা চাইছেন। এ ছাড়া আলোকসজ্জার জন্য এবার ৩০ হাজারের বদলে ৪০ হাজার টাকা লাগছে।
শিবগঞ্জ কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ চন্দ্র মোহন্ত¦বলেন, সবকিছুর দাম বেড়েছে। যে বাজনা গতবার ১৫ হাজার টাকা নিয়েছে, এবার তারা ২৫-৩০ হাজারের কমে কথা বলতেই চাইছে না। পূজা অনুষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে মূল্যবৃদ্ধির ধাক্কা সহ্য করতে হচ্ছে। কিন্তু সে তুলনায় চাঁদার হার বাড়ছে না। এ অবস্থায় পূজা অনুষ্ঠানের আড়ম্বর অনেকটা কাটছাঁট করতে বাধ্য হতে হচ্ছে।